লন্ডনে উন্নত চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। সাবেক এই প্রধানমন্ত্রী বর্তমানে হুইলচেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন খালেদা জিয়ার মানসিক ও শারীরিক অবস্থা এখন স্থিতিশীল রয়েছে।
চিকিৎসার পাশাপাশি বিএনপি নেত্রী নিয়মিত দেশের রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিচ্ছেন। তিনি দলীয় নেতাকর্মীদের জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন। তার শারীরিক পরীক্ষার রিপোর্টগুলো আসতে শুরু করেছে। রিপোর্ট পর্যালোচনা করে বিশেষজ্ঞ চিকিৎসকরা পরবর্তী চিকিৎসার পরিকল্পনা করবেন।
বিএনপির উপদেষ্টা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী জানান, “হাসপাতালে হুইলচেয়ার ছাড়াই হাঁটাহাঁটি করেছেন খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল এবং মানসিকভাবে তিনি অনেক ভালো আছেন।”
প্রতিদিনের মতো রবিবারও তার রুটিন স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে। সোমবার তার শারীরিক অবস্থার উপর ভিত্তি করে বিশেষ কিছু পরীক্ষা-নিরীক্ষা করার কথা রয়েছে। ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে লন্ডন ক্লিনিকে তার চিকিৎসা চলছে।
এদিকে, যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ খালেদা জিয়াকে হাসপাতালে দেখতে গিয়ে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।
প্রতিদিন মায়ের জন্য বাড়িতে তৈরি খাবার নিয়ে হাসপাতালে যাচ্ছেন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমান। স্থানীয় সময় রোববার দুপুরে খাবার নিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তারা মায়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।
লিভার সিরোসিস, কিডনি সমস্যা ও হৃদরোগসহ নানা জটিলতার চিকিৎসার জন্য ৭৯ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রী গত বুধবার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে লন্ডন যান। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন এবং তার শারীরিক অবস্থার ক্রমশ উন্নতি হচ্ছে।



