বাবা-মায়ের ব্যক্তিত্বেই গড়ে সন্তানের ভাগ্য

একটি শিশুর জীবন কেবলমাত্র জন্মের মধ্যেই শুরু হয় না—তার ভবিষ্যৎ, স্বপ্ন ও সত্ত্বার বীজ বপন হয় বাবা-মায়ের আচরণ, মূল্যবোধ এবং ব্যক্তিত্বের মধ্যে দিয়ে। একটি পরিবার হলো সেই প্রথম বিদ্যালয়, যেখানে সন্তানের মানসিকতা, চারিত্রিক দৃঢ়তা এবং সামাজিক সচেতনতা তৈরি হয়।

যেমন একটি আয়না প্রতিবিম্ব দেখায়, তেমনি সন্তানও বাবা-মায়ের ব্যক্তিত্বের প্রতিচ্ছবি। বাবা যদি দায়িত্বশীল হন, মা যদি ধৈর্যশীলা হন, তবে সন্তান দায়িত্ব ও ধৈর্য—এই দুই গুণেই বড় হয়ে ওঠে। যদি বাবা-মা ঘরে একে অপরকে সম্মান করেন, তবে সন্তানও শিখে কীভাবে সম্মান করতে হয়। আবার যদি পরিবারে হিংসা, অবহেলা বা অহংকারের ছায়া থাকে, তবে তা সন্তানের মানসিক জগতে নেতিবাচক ছাপ ফেলে।

সন্তান যা দেখে, তাই শেখে। বাবা প্রতিদিন সময়মতো কাজ করেন, কথা দিয়ে কথা রাখেন—এই ছোট ছোট অভ্যাস সন্তানের মনে বিশ্বাস ও শৃঙ্খলার বীজ বপন করে। মা যদি প্রতিকূল অবস্থায়ও কোমল আচরণ বজায় রাখেন, তাহলে সন্তানও কঠিন সময়ে ধৈর্য হারায় না। স্কুল-কলেজ নয়, সবচেয়ে শক্তিশালী ‘লাইফ ট্রেইনিং সেন্টার’ হচ্ছে পরিবারের পরিবেশ।

অনেক সময় দেখা যায়, বাবা-মা সন্তানের সামনে নীতির কথা বলেন, কিন্তু নিজেরা তা মেনে চলেন না। এই দ্বৈততা সন্তানের মনে বিভ্রান্তি তৈরি করে। পক্ষান্তরে, যখন সন্তান দেখে তার বাবা-মা নিজেরাও নিয়ম মেনে চলে, সত্য কথা বলে, তখন সে শেখে—আদর্শ শুধু মুখে নয়, কাজে প্রমাণিত হয়।

সন্তানের ভবিষ্যৎ পাথরে খোদাই করার মতো। প্রথম খোঁচাটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাবা-মায়ের আন্তরিকতা, সততা ও সহানুভূতির সংস্পর্শে থাকলে সন্তান হয় আত্মবিশ্বাসী, আত্মমর্যাদাসম্পন্ন এবং সমাজের জন্য ইতিবাচক এক শক্তি।

বাবা-মা যদি চান সন্তান ভালো হোক, তবে আগে তাদের ভালো হতে হবে। সন্তানকে সোনার মানুষ বানাতে হলে আগে নিজেদের ভেতরে স্বর্ণের গুণাবলি গড়ে তুলতে হবে। মনে রাখা দরকার—সন্তানের ভাগ্য লেখা হয় কাগজে নয়, বরং বাবা-মায়ের ব্যক্তিত্বের প্রতিটি আচরণে।