হোগলা শাপলা ক্লাবের মতবিনিময় সভা: সামাজিক অঙ্গীকারে নবউদ্যম

কুষ্টিয়া, কুমারখালী (৯ মে): উপজেলার হোগলা বাজারে শুক্রবার সকালে অনুষ্ঠিত হলো স্বেচ্ছাসেবী সংগঠন হোগলা শাপলা ক্লাবের এক প্রাণবন্ত মতবিনিময় সভা। সংগঠনের সদস্যদের অংশগ্রহণে আয়োজিত এ সভাটি স্থানীয় উন্নয়ন, সামাজিক দায়িত্ব এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ছিল অনবদ্য এক আয়োজন।

সভায় সভাপতিত্ব করেন ক্লাবের অন্যতম প্রবীণ সদস্য মোঃ নওয়াব আলী মাষ্টার। সঞ্চালনায় ছিলেন মোঃ রবিউল ইসলাম ও নাজমুল আলম হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের কোষাধ্যক্ষ ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ খাইরুল ইসলাম।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ক্লাবের সক্রিয় সদস্য মোঃ জামাল উদ্দিন, মোঃ আশাকুর রহমান, মোঃ শরিফুল ইসলাম, মোঃ নাজিম প্রঃ, এবং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মাসুদ আহমেদ। পাশাপাশি হোগলা, জোতপাড়া, চাপাইগাছি, মহেন্দ্রপুর, শ্যামগঞ্জ ও সাতপাকিয়া গ্রামের অসংখ্য গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ জনগণ সভায় অংশ নেন।

বক্তারা জানান, ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত এবং সরকারিভাবে নিবন্ধিত এই ক্লাব দীর্ঘদিন ধরেই গরীব-দুঃখীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণসহ নানাবিধ সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে আরও ব্যাপকভাবে মানুষের পাশে দাঁড়ানোর অঙ্গীকার করেন তারা।